ভারতের ক্রীড়া প্রশাসনে নতুন দরজা খুলতে চলেছে কেন্দ্র। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সরাসরি ক্রীড়া দপ্তরের প্রশাসনিক কাজ শিখে নেওয়ার সুযোগ পাবেন। ২০২৬ সাল থেকে শুরু হতে চলেছে বিশেষ ইন্টার্নশিপ কর্মসূচি, যেখানে পড়ুয়ারা মাঠের খেলা থেকে প্রশাসনিক সিদ্ধান্ত—দুটো দিকের অভিজ্ঞতাই অর্জন করতে পারবেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, এই প্রশিক্ষণ চালু হবে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (SAI), ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA), এবং ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি-র অধীনে। ক্রীড়া বিজ্ঞান, খেলোয়াড়দের সহায়তা পদ্ধতি, আন্তর্জাতিক খেলা সংক্রান্ত নিয়ম, ডোপিং সম্পর্কে সচেতনতা এবং পরিচালন দক্ষতা—এসব বিষয়ে ছাত্রছাত্রীরা হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীনে ৪৫২টি ইন্টার্নশিপ পদ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “দেশের ক্রীড়া প্রশাসনে নতুন প্রজন্মকে যুক্ত করতেই এই উদ্যোগ। ভবিষ্যৎ পেশার জন্য ছাত্রছাত্রীরা যাতে বিশেষজ্ঞ হিসেবে প্রস্তুত হতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে।”
যে প্রশিক্ষণ মিলবে
- ক্রীড়া বিজ্ঞান ও শারীরিক সক্ষমতা ব্যবস্থাপনা
- ডোপিং আইন, নমুনা পরীক্ষা ও নিয়মকানুন
- মিডিয়া ও সাংবাদিকদের সঙ্গে পেশাদার যোগাযোগ
- ম্যাচ ব্যবস্থাপনা ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া
- আন্তর্জাতিক খেলার নীতি, লাইসেন্স ও অনুমোদন
- তথ্য বিশ্লেষণ ও প্রশাসনিক নথিপত্র পরিচালনা
এছাড়া ইন্টার্নশিপ চলাকালীন খেলো ইন্ডিয়া, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, এবং টার্গেট এশিয়ান গেমস গ্রুপ-এর মতো প্রকল্পে সরাসরি যুক্ত হয়ে কাজের অভিজ্ঞতা মিলবে।
কবে শুরু?
এই ইন্টার্নশিপ বছরে দু’বার শুরু হবে—
- জানুয়ারি সেশন
- জুলাই সেশন
কেন্দ্রের মত, এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের পথই খুলবে না, ভবিষ্যতের ক্রীড়া প্রশাসন, পরিকাঠামো এবং নীতি নির্ধারণেও দক্ষ নতুন প্রজন্ম তৈরি করবে।


